জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ প্রতিশ্রুতি দিয়েছেন, ১১ দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগে উন্নীত করা হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় হান্নান মাসউদ বলেন, ‘নোয়াখালী যেন গরিবের বউ—সবার ভাবি না হয়। কারও জমি ছিনিয়ে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। নোয়াখালী একটি প্রাচীন ও সম্ভাবনাময় জেলা। ১১ দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগে উন্নীত করা হবে।’
তিনি জেলার দীর্ঘদিনের সমস্যা ও উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, ‘নদীভাঙন, জলাবদ্ধতা ও অবকাঠামোগত দুর্বলতা নোয়াখালীর অগ্রগতির বড় বাধা। বিশেষ করে হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও কবিরহাট এলাকায় নদীভাঙনের কারণে হাজারো মানুষ দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। এসব এলাকার স্থায়ী সমাধান জোট সরকারের অগ্রাধিকার তালিকায় থাকবে। পাশাপাশি মাইজদী শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যাও ক্ষমতায় এলে দ্রুত সমাধান করা হবে।’
নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী ইসহাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, ১১ দলীয় জোটের সঙ্গী দল গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ খান প্রধান প্রমুখ।
সময়ের আলো/এনএ