ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এই সতর্কতা ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, নির্বাচনের সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থী হামলার ঝুঁকি থাকতে পারে। এই ধরনের ঘটনা নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থানের দিকে লক্ষ্য করা যেতে পারে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বড় জনসমাগমের আশেপাশে অবস্থান বা চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করার ওপর জোর দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, শান্তিপূর্ণভাবে আয়োজিত কর্মসূচিও হঠাৎ সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে। তাই প্রত্যেককে সচেতন থাকা এবং ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা জরুরি।
নির্বাচনের কারণে যানবাহন চলাচলেও কিছু সীমাবদ্ধতা থাকবে। মোটরসাইকেল চলাচল ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচল ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সীমিত থাকবে। এই সময় ঢাকায় মার্কিন দূতাবাসও সীমিত পরিসরে সেবা দেবে।
সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কিছু করণীয়ও উল্লেখ করা হয়েছে: বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, আশেপাশের পরিস্থিতি সম্পর্কে সবসময় সচেতন থাকা, স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখা, কম চোখে পড়ার মতো আচরণ বজায় রাখা, জরুরি যোগাযোগের জন্য চার্জ করা মোবাইল ফোন সঙ্গে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং বিকল্প যাতায়াতের পথ আগেভাগে নির্ধারণ করা।
এর আগে, ২০২৫ সালের ১৫ ডিসেম্বরও ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশের জন্য অনুরূপ নিরাপত্তা সতর্কতা জারি করেছিল।
/ইউএমএইচ