চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে বসবাসকারী ৪৫ রোহিঙ্গাকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে বেশকিছু ভুয়া জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার ঠাকুরদীঘি এবং উজিরভিটা এলাকায় থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরদীঘি এবং উজিরভিটা এলাকায় অভিযান চালায় লোহাগাড়া আর্মি ক্যাম্প ও পুটিবিলা আর্মি ক্যাম্প, উপজেলা প্রশাসন এবং পুলিশের যৌথবাহিনী। অভিযান পরিচালনা সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন উপস্থিত ছিলেন।
এসময় ঠাকুরদীঘি এলাকা থেকে ৮ মহিলা ও ১৫ শিশুসহ মোট ৩৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এছাড়া আরেকটি অভিযানে আরও ৬ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের লোহাগাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও এসব রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী হিসেবে সন্দেহভাজন এক ব্যক্তির বাসভবনে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই বাসা থেকে বেশ কিছু সিম কার্ড, একাধিক জাতীয় পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এফসিএন (FCN) কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বর্তমানে লোহাগাড়া থানার মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে অবৈধভাবে বসবাসরত এসব রোহিঙ্গাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফআর