ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রয়োজন পড়বে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরান সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা মার্কিন ঘাঁটি ও বিমানবাহী রণতরীতে আঘাত হানবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংবাদমাধ্যম দ্য হিন্দুর এর এক প্রতিবেদন এ তথ্য জানা গেছে।
ট্রাম্প বলেন, ‘পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাক আমি চাই না, যেখানে সামরিক শক্তি ব্যবহার করতে হবে। ইরানের সঙ্গে কথা হয়েছে এবং সামরিক অভিযান এড়ানোর সম্ভাবনাও রয়েছে।’
এর আগে তিনি সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্র বিশাল নৌবহর পাঠাচ্ছে এবং তেহরানের জন্য সময় ‘ফুরিয়ে আসছে’। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি আগেও কথা বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলার পরিকল্পনা আছে।’
ইরানের এক সামরিক মুখপাত্র সতর্ক করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে তেহরানের জবাব সীমিত থাকবে না। গত বছরের জুনের চেয়েও এবার আরও দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে।’
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোর ‘গুরুতর দুর্বলতা’ রয়েছে এবং উপসাগরীয় অঞ্চলের বহু মার্কিন ঘাঁটি ইরানের মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় আছে।
সময়ের আলো/কেএইচও