সমর্থকদের ওপর হামলার অভিযোগ এনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় তিনি নির্বাচনের মাঠ ছেড়ে দেবেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হান্নান মাসউদ অভিযোগ করেন, দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি উদ্বোধন অনুষ্ঠান চলাকালে তার ৮-১০ জন সমর্থককে পিটিয়ে আহত করে নদীতে ফেলে দেয় একদল অস্ত্রধারী সন্ত্রাসী।
তিনি বলেন, চিহ্নিত ওই সন্ত্রাসীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
হান্নান মাসউদ আরও বলেন, হাতিয়ায় সরকারি তালিকাভুক্ত অস্ত্রধারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তা না-হলে আমরা নির্বাচনে থাকব কি-না, তা পুনরায় ভেবে দেখতে হবে। আমরা প্রশাসনকে বারবার বিষয়টি জানালেও কোনো কার্যকর প্রতিকার পাচ্ছি না।
এর আগে শুক্রবার দুপুরে হাতিয়ায় ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের ধাওয়া-পাল্টা-ধাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় নিজের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন হান্নান মাসউদ।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া শুরু হলে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এফআর