দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পিসিবি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে। বিশ্বকাপ খেলবে কি খেলবে না এই দোটানার মধ্যে নতুন নাটকের অবতারণা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আইসিসির দুই সহযোগী দেশ আইসল্যান্ড ও উগান্ডা এরই সুযোগ নিয়েছে। এরই মধ্যে তারা পাকিস্তানের এমন সিদ্ধান্তহীনতাকে কেন্দ্র করে হাস্যরস আর খোঁচাখুঁচিতে মেতেছে।
পাকিস্তানের সম্ভাব্য বয়কট নিয়ে গুঞ্জন শুরু হতেই সবার আগে রসিকতা করে আইসল্যান্ড। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে খোঁচা দিয়ে তারা লেখে, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে পাকিস্তানকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। যদি তারা ২ ফেব্রুয়ারির মধ্যে সরে দাঁড়ায়, তাহলে আইসল্যান্ড সঙ্গে সঙ্গে রওনা হতে প্রস্তুত। যদিও ৭ ফেব্রুয়ারির আগে কলম্বো যাওয়ার ফ্লাইট পাওয়া বেশ ঝামেলার, তার ওপর দলের ওপেনার অনিদ্রার সমস্যায় ভোগে বলেও রসিকতা করে তারা।
আইসল্যান্ডের এই পোস্টে সাড়া দিয়ে পাকিস্তানের জায়গায় বিশ্বকাপে খেলতে আগ্রহ প্রকাশ করে উগান্ডা ক্রিকেট। আইসল্যান্ডকে ট্যাগ করে তারা জানায়, যদি কোনো স্থান শূন্য হয়, উগান্ডা সম্পূর্ণ প্রস্তুত। প্যাকড ব্যাগ, সুরক্ষাসামগ্রী ও পাসপোর্ট—সব প্রস্তুত আছে তাদের। কোনো বিমান ইউ-টার্ন নেবে না, আর তাপ, চাপ কিংবা কোলাহল—কোনো কিছুকেই ভয় পায় না বলেও উল্লেখ করে উগান্ডা।
উগান্ডার আগ্রহের পর আইসল্যান্ড আবার দীর্ঘ এক পোস্টে নিজেদের অপেশাদার বাস্তবতা তুলে ধরে পাকিস্তান ও স্কটল্যান্ডকে কটাক্ষ করে। তারা জানায়, সময় এতটাই কম যে এখন আর তাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব নয়। স্কটল্যান্ডের মতো কিট স্পন্সর ছাড়াই হুট করে মাঠে নামার সামর্থ্য তাদের নেই। আইসল্যান্ডের অধিনায়ক একজন পেশাদার বেকার—তাকে নিজের ওভেন সামলাতে হয়। জাহাজের ক্যাপ্টেনকে জাহাজ চালাতে হয়, আর ব্যাংকারদের দেউলিয়া হতে হয়—এটাই অপেশাদার ক্রিকেটের কঠিন বাস্তবতা বলে ব্যঙ্গ করে তারা।
পোস্টের শেষে উগান্ডাকে শুভকামনা জানিয়ে আইসল্যান্ড বলে, তাদের এই সুযোগ হারানো উগান্ডার জন্য লাভের কারণ হতে পারে। এর জবাবে উগান্ডা পাল্টা রসিকতায় জানায়, তাদের পাসপোর্ট প্রস্তুত রয়েছে, আর কোনো বেকারকে ওভেন ফেলে আসতে হবে না।
সবশেষে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড আইসিসিকেও রসিকতার তীর ছোড়ে। এক পোস্টে তারা জানায়, এখনো আইসিসির কাছ থেকে কোনো জবাব পায়নি তারা। প্রথমে ভেবেছিল ভুল করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে ট্যাগ করেছে, পরে বুঝেছে ট্যাগ ঠিকই ছিল। সম্ভবত আইসিসি পাফিন পাখির মাধ্যমে চিঠি পাঠায়—এমন মন্তব্য করে তারা।
প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানালে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। এই ঘটনার পর থেকেই পাকিস্তান বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে পাকিস্তান সরকার শুক্রবার অথবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে।
/ইউএমএইচ