সিলেটের লালাখালের স্বচ্ছ নীল জল আর পাহাড়ের মায়াবী হাতছানি কত পর্যটকের মনে প্রশান্তি যোগায়। কিন্তু সেই নীল জলই আজ বিষাদে রূপ নিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য।
বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে গিয়ে চিরতরে নিভে গেলেন বিশ্ববিদ্যালয়টির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের মেধাবী ছাত্র মুসআব আমীন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লালাখাল জিরো পয়েন্টে গোসল করতে গিয়ে মুসআব আমীনের মৃত্যু হয়।
নিহত মুসআব আমীন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শাকসু নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদের সদস্য পদে ছাত্রশিবির সমর্থিত ‘সৈয়দ মুজতবা আলী হল শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায় হলেও পরিবার বর্তমানে গাজীপুরে বসবাস করছে বলে জানা গেছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, কয়েকজন শিক্ষার্থী ঘুরতে এসে নদীতে গোসল করার সময় একজন শিক্ষার্থী ডুবে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতার পর বিকেল সোয়া তিনটার দিকে নদী থেকে ওই শিক্ষার্থীর দেহ উদ্ধার করে। পরে তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মুসআব আমীনকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, দুপুরের দিকে আমরা সবাই মিলে লালাখাল জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নামি। গোসল শেষে তাকে না পেয়ে সবাই আতঙ্কিত হয়ে খোঁজাখুঁজি শুরু করি এবং পরে পুলিশকে খবর দেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, ঘটনাটি পুলিশিভাবে তদন্ত করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে নিহত শিক্ষার্থীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা সিলেটে আসছেন।
এফআর