আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের সময় কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার করবে না বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ তথ্য জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে স্থাপিত অস্থায়ী বেস ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
কর্নেল আবুল এহসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত পুরোপুরি সুরক্ষিত রেখে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে বাহিনীটি। ঝুঁকি বিবেচনায় দেশের সব ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। উপজেলাভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (আরএটি), হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে বলে জানান তিনি। পাশাপাশি নিরাপত্তা জোরদারে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন করা হবে।
নির্বাচনকে সামনে রেখে চলমান মহড়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কর্নেল আবুল এহসান বলেন, এখন পর্যন্ত নির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কা দেখা যাচ্ছে না। বিজিবির মহাপরিচালকের স্পষ্ট নির্দেশনা রয়েছে, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার কাজে কোনো ধরনের লেথাল ওয়েপন ব্যবহার করা হবে না।
নির্বাচনকালীন যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিজিবির বেস ক্যাম্পগুলোর মোবাইল নম্বর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে সরবরাহ করা হয়েছে। কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়া নির্বাচন কমিশনের সুরক্ষা অ্যাপের মাধ্যমেও যে কোনো পরিস্থিতির বিষয়ে জানানো যাবে।
/ইউএমএইচ