দুটি রাজপরিবারের হাতে ভাগ্য বন্ধক দিতে দেশের মানুষ রাজি নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামে এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ১১ দলীয় নির্বাচনি ঐক্য স্থানীয় এইচজে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে।
মামুনুল হক বলেন, বাংলাদেশের দুটি প্রথাগত রাজপরিবারের হাতে দেশের মানুষ আর তাদের ভাগ্য বন্ধক দিতে রাজি নয়।
তিনি দাবি করেন একটি দল গণভোটে প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও গোপনে ‘না’-এর জন্য প্রচারণা চালায়। ‘কেউ প্রকাশ্যে এক কথা আর গোপনে আরেক কথা বললে তাকে কী বলা যায়? আর কোনো মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। বাংলার মানুষ আর তাদের মেনে নেবে না।’
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, তারা নিজেদের ঘৃণ্য পরাজয় দেখতে পেয়ে, ভীরু-কাপুরুষের মতো নারীদের গায়ে হাত তোলার মতো ঘৃণ্য কাজ করে যাচ্ছে। কেউ যদি আমার মায়ের দিকে, বোনের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকায়, কেউ যদি মেয়েদের হিজাব নিয়ে টানাটানি করে, আপনারা তার হাত ভেঙে দেবেন, চোখ উপড়ে দেবেন।
তিনি সতর্ক করে দেন- যদি আর নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাহলে যে আগুন জ্বলবে, সে আগুন নেভানোর কেউ থাকবে না।
‘আপনারা ভোট দেবেন, পাহারাদারি করবেন। কোনো ভোটচোর চুরি করতে আসলে তাদের প্রতিহত করতে হবে’, যোগ করেন তিনি।
সময়ের আলো/জেডআই