ইংল্যান্ডে ম্যানচেস্টার সিটির পর্তুগিজ তারকা রুবেন দিয়াজের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি ও গালাতাসারের মধ্যকার ম্যাচ চলাকালে চেশায়ারে অবস্থিত দিয়াজের বাসার দরজা ভেঙে একদল চোর ভেতরে প্রবেশ করে। তার অনুপস্থিতিতে বাসায় ভাংচুর ও চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বান্ধবী ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক মায়া জামাসহ বাসার বাইরে ছিলেন রুবেন দিয়াজ। তারা ম্যানচেস্টার থেকে কিছুটা দূরে চেশায়ারে বাড়ি কিনেছিলেন। যেখানে চুরির ঘটনায় দুজনই ‘ভীষণ মর্মাহত’ বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
চেশায়ার পুলিশের এক মুখপাত্র সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘বুধবার (২৮ জানুয়ারি) রাত ১১টা ১০ মিনিটের কিছু পরে অ্যাল্ডারলি এজের একটি বাসায় চুরির খবর পাই। পরে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন বাড়িতে জোরপূর্বক প্রবেশ করা হয়েছে এবং একাধিক সামগ্রী চুরি হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে।’
জানা গেছে, দিয়াজ বাড়িতে ফিরে দেখেন তার বাসার বেশকিছু রুম তছনছ করা হয়েছে এবং একাধিক ব্যক্তিগত সম্পত্তি বেহাত হয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় পুলিশকে বিষয়টি জানান। গত বছরের শেষ দিক থেকেই তারা একসঙ্গে থাকতে শুরু করেছেন চেশায়ারে। দিয়াজ ম্যানচেস্টার সিটি সেন্টার ছেড়ে এখানে ওঠেন, আর জামা লন্ডন থেকে উত্তরে স্থানান্তরিত হন।
ওই প্রতিবেদনে একটি সূত্র জানিয়েছে, ‘তারা ভীষণ বিধ্বস্ত। এটি তাদের প্রথম যৌথ বাসভবন, যা তাদের কাছে খুবই বিশেষ। সৌভাগ্যক্রমে ওই সময় তাদের কেউই বাড়িতে ছিলেন না, কিন্তু ব্যক্তিগত পরিসরে এভাবে কারও প্রবেশ ও নিরাপত্তা লঙ্ঘন হওয়ায় তারা গভীরভাবে মর্মাহত। বাড়িটি তারা খুব ভালোবাসেন। কারণ, এটি খুবই শান্ত একটি গলির ভেতরে অবস্থিত, যেখানে প্রায় কোনো যান চলাচল নেই।’
পর্তুগাল ও ম্যানসিটির এই ডিফেন্ডার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখতে ওই সময় স্টেডিয়ামে ছিলেন। ইতিহাদ স্টেডিয়ামে জয়ের পর পেপ গার্দিওলার দলটি সরাসরি ইউসিএলের শেষ ষোলোতে উঠেছে। যদিও লম্বা সময় সিটির জার্সি গায়ে দেওয়া হবে না দিয়াজের। হ্যামস্ট্রিং চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য তিনি মাঠের বাইরে রয়েছেন। গালাতাসারের বিপক্ষে ম্যাচটিতে তিনি দর্শকসারিতে বসে দলকে সমর্থন জানান।
সময়ের আলো/এনএ