কোনো দেশ বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করলে এ দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তা রুখে দেবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ নির্বাচনকে ঘিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসমাবেশে শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এ কথা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জুলাই গণহত্যা ও শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে। এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়, বরং এটি জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা। জুলাই গণঅভ্যুত্থানের কারণেই আজ দেশ একটি নির্বাচনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হতে পেরেছে।
তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লক্ষ্য ছিল ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র গড়া, যেখানে জনগণের অধিকার নিশ্চিত হবে এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
আরআর