ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে কোনো স্বার্থান্বেষী মহল যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে রেলের যাত্রী সাধারণ, ট্রেন ও রেল অবকাঠামোর ক্ষতিসাধন করতে না পারে এজন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
শনিবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে গণপরিবহন হিসেবে রেলকে লক্ষ্য করে নাশকতামূলক কার্যক্রম গ্রহণের শঙ্কা রয়েছে। এ কারণে রেলের যাত্রী সাধারণ, ট্রেন ও রেল অবকাঠামোর সার্বিক নিরাপত্তা বিধানে করণীয় নির্ধারণ, তা বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশনা প্রদান করা হয়।
একইসঙ্গে কোনো প্রকার নাশকতা কিংবা রেল যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর ক্ষতিসাধনের কোনো প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক নিকটস্থ রেল স্টেশনে কর্মরত কর্মচারীবৃন্দ, সংশ্লিষ্ট গেট কিপার অথবা রেল পুলিশকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ রেলওয়ের হট লাইন ১৩১ নম্বরে কল করে কর্তৃপক্ষকে অবহিত করা যাবে।
আরআর