নোয়াখালী হাতিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের নির্বাচনি পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনার পর থেকে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
এনসিপি কর্মীদের অভিযোগ, শনিবার সন্ধ্যায় হাতিয়ার তালতলা বাজারের পথসভায় বক্তব্য রাখেন নোয়াখালী-৬ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তার বক্তব্য চলাকালে বিএনপির সমর্থিত সন্ত্রাসীরা সমাবেশস্থলে ইটপাটকেল নিক্ষেপ করে।
হঠাৎ এই হামলায় সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
হামলায় তমরদ্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে দিদার উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেনের ছেলে সম্পদসহ মোট তিনজন আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এনসিপি কর্মীরা আরও বলেন, এর আগে গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন হাছান ও তমরুদ্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহের এবং তাদের অনুসারীরা তালতলা বাজারে এনসিপির নির্বাচনি অফিস ভাঙচুর করে।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনসিপির হাতিয়া উপজেলা শাখার আহ্বয়ক শামছল তিব্রিজ বলেন, নির্বাচনি পরিবেশ নষ্ট করা এবং ভোটকেন্দ্র দখল ও ভোট কারচুপির উদ্দেশ্যেই বিএনপি পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালাচ্ছে। আমরা এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এফআর