‘ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নতুন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এরমধ্যে একটি ইমেইল নথিতে ভারতের

2026-02-01T09:21:16+00:00
2026-02-01T09:32:27+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২১ এএম  আপডেট: ০১.০২.২০২৬ ৯:৩২ এএম
নরেন্দ্র মোদি ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নতুন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এরমধ্যে একটি ইমেইল নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম এসেছে। সেখানে ২০১৭ সালে তার ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) এপস্টেইন সম্পর্কিত প্রায় ত্রিশ লাখ পাতা নথি, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও প্রকাশ করা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, মোদি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে যৌন অপরাধী এপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন। যা এক ইমেইলে এপস্টেইন নিজেই জানিয়েছেন। এপস্টেইন বলেছেন, তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দেন। এতে করে মার্কিন প্রেসিডেন্ট খুশি হবেন বলে জানান। এরপর তার পরামর্শ অনুযায়ী মোদি ২০১৭ সালে ইসরায়েলে যান। ১৯৯২ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর এটিই ছিল ভারতীয় কোনো প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর।

এপস্টেইন বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী পরামর্শ নেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচ-গান করেন। তারা কয়েক সপ্তাহ আগে দেখা করেছেন। এই পরামর্শ কাজে দিয়েছে।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী মোদির নাম উল্লেখ থাকার দাবি পুরোপুরি ‘ভিত্তিহীন ও নিন্দনীয়’। তার মতে, এর বিশ্বাসযোগ্যতা নেই। এগুলো সরাসরি প্রত্যাখ্যান করা উচিত।

রণধীর জয়সওয়াল ওই ভিডিও বিবৃতিতে বলেন, জেফরি এপস্টেইনের ‘কথিত’ ই–মেইলে প্রধানমন্ত্রী মোদির নাম থাকার বিষয়টি ‘একজন দণ্ডিত অপরাধীর ভিত্তিহীন ও নিন্দনীয় কল্পনাপ্রসূত গালগল্প’ ছাড়া আর কিছুই নয়।

তিনি আরও বলেন, ‘আমরা তথাকথিত এপস্টেইন ফাইলসে একটি ই–মেইল বার্তার কথা দেখেছি। সেখানে প্রধানমন্ত্রী মোদি আর তার ইসরায়েল সফরের কথা উল্লেখ রয়েছে। সেখানে থাকা ২০১৭ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী মোদির ইসরায়েলে সরকারি সফরের তথ্য ছাড়া বাকি সব দাবিই চরম অবজ্ঞার সঙ্গে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানযোগ্য।’

এ বিষয়ে ভারত সরকার দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে মূলত ‘জল ঘোলা করা’ বন্ধ করতে- জানান জয়সওয়াল। তিনি বলেন, এসব নথি আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি। 

অন্যদিকে এপস্টেইন-সংক্রান্ত নথিতে মোদির নাম উল্লেখ থাকার ঘটনায় সমালোচনায় সরব হয়েছে কংগ্রেসসহ ভারতের বিরোধী পক্ষ। এ ঘটনায় ‘আরও স্পষ্ট ব্যাখ্যা’ চাওয়া হয়েছে।

রাজ্যসভায় কংগ্রেসের সদস্য জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, মার্কিন সরকারের পক্ষ থেকে অবমুক্ত করা সর্বশেষ নথিগুলোয় মোদির নাম একাধিকবার এসেছে। এটা নিয়ে সরকারের (ভারতের) মুখপাত্রকে প্রতিক্রিয়া জানাতে হয়েছে। এরপরও অনেক প্রশ্ন এখনো রয়ে গেছে।


এ ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘এ বিষয়টি আমাদের জন্য জাতীয় লজ্জা।’ 

কংগ্রেসের এই নেতা পোস্টে উল্লেখ করেছেন, এপস্টেইন লিখেছেন, প্রধানমন্ত্রী মোদি তার ‘পরামর্শ’ নিয়েছিলেন এবং ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বার্থে’ ইসরায়েলে নেচে-গেয়ে অনুষ্ঠান করেছেন। শেষে ‘এটা কাজ করেছে!’ বলেও নথিতে উল্লেখ আছে। 

অভিযোগ জানিয়ে পবন খেরা লিখেছেন, এই বিষয়টি ভারতের ‘জাতীয় মর্যাদা ও আন্তর্জাতিক সুনামকে’ প্রভাবিত করেছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   নরেন্দ্র মোদি  জেফরি এপস্টেইন  যুক্তরাষ্ট্র  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: