আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নিবে কি না তা শেষপর্যন্ত দেশটির সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
গ্রুপ পর্বের এই ম্যাচটি না খেললেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে পাকিস্তানের কাছে। অর্থাৎ গ্রুপ পর্বের এই ম্যাচের পয়েন্ট ভারতকে দিয়ে দিলেও পাকিস্তানের সামনে সুযোগ থাকবে। তবে গ্রুপের বাকি ম্যাচগুলো জিততে হবে তাদের, একই সঙ্গে ভারতের দিকেও তাকিয়ে থাকতে হবে।
পাকিস্তান যদি পরের রাউন্ডের সমীকরণ মেলাতে পারে এবং আসরে টিকে থাকে, তাহলে ফাইনালের আগে আর ভারতের সঙ্গে দেখা হবে না দলটির।
এবার প্রশ্ন উঠছে, যদি ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হয় তাহলেও কি একই সিদ্ধান্ত নেবে পাকিস্তান?
ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও একই প্রশ্ন তুলে বলেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপে যায় কিন্তু ভারতের বিপক্ষে না খেলে তাহলে আইসিসি কী প্রতিক্রিয়া দেখায় সেটা দেখার অপেক্ষায় আছি। আমি আইনগত অবস্থান সম্পর্কে বা অগ্রাধিকার কীভাবে কার্যকর হয় তা জানি না। যাই হোক, ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?’
তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ না হলে নিশ্চিতভাবেই ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো। তাই পাকিস্তানের লভ্যাংশ কেটে নিতে নিতে পারে আইসিসি।’
তিনি আরও বলেন, ‘আমি অবাক হব না যদি আইসিসি বলে সম্প্রচারকারীদের ক্ষতি আইসিসি রাজস্বের পাকিস্তান অংশ থেকে কেটে নেওয়া হবে।’
সময়ের আলো/কেএইচও