লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানে দাপুটে ফুটবল খেলে চলেছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। এলচের বিপক্ষে তাদেরই মাঠে আক্রমণের ঝড় বইয়ে দিয়েছে কাতালানরা। ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে ৩-১ গোলের সহজ জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট টেবিলের ব্যবধান আরও বাড়িয়ে নিল কাতালনরা। বর্তমানে ২২ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা, যেখানে এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরু থেকেই এলচের রক্ষণে ভীতি ছড়াতে থাকে বার্সা। ষষ্ঠ মিনিটে মাঝমাঠ থেকে দানি ওলমোর একটি দুর্দান্ত থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন লামিন ইয়ামাল। এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে দারুণ দক্ষতায় বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এই তরুণ ফরোয়ার্ড। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ওলমো নিজেও, কিন্তু ১৬তম মিনিটে লক্ষ্যভ্রষ্ট শট এবং ২৮ মিনিটে তার শট ক্রসবারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় সফরকারীদের। এর ঠিক এক মিনিট পরেই খেলার ধারার বিপরীতে সমতা ফেরায় এলচে। ২৯ মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে নিচু শটে গোল করেন আলভারো রদ্রিগেস।
আরও পড়ুন
তবে বিরতির আগেই আবারও ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় বার্সেলোনা। ৪০ মিনিটে ডি-বক্সের ভেতর ফেররান তোরেসের পাস পান ফ্রেংকি ডি ইয়ং। ডাচ এই মিডফিল্ডার তার পায়ের কারিকুরিতে এলচে গোলরক্ষক ইনিয়াকি পেনিয়াকে দুবার ডজ দিয়ে গোলমুখে বল বাড়ান। সেখানে ওত পেতে থাকা তোরেস জোরালো শটে বার্সাকে ২-১ গোলে এগিয়ে নিয়ে প্রথমার্ধ শেষ করেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭২ মিনিটে বার্সার জয় নিশ্চিত হয়। ডানদিক দিয়ে বক্সে ঢুকে লামিন ইয়ামাল বল বাড়ালে প্রতিপক্ষের এক ডিফেন্ডার তা ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু আলগা বল পেয়ে কোনো ভুল করেননি রাশফোর্ড, জোরালো শটে জালে বল পাঠিয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন এই ইংলিশ স্ট্রাইকার। ম্যাচের বাকি সময়ে দুদলই কিছু সুযোগ পেলেও স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আসেনি। এই হারের ফলে ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার ১২ নম্বরেই রয়ে গেল এলচে।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে জায়ান্ট লিভারপুল। একিটিকের জোড়া গোলে নিউক্যাসেল ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে অলরেডরা। লিভারপুলের অপর দুটি গোল করেছে ভিয়েৎস ও কোনাতে। জানুয়ারির শেষ দিনে এসে নতুন বছরে লিগে প্রথম জয় পেয়েছে লিভারপুল। আগের পাঁচ ম্যাচে চারটি ড্রয়ের পর গত সপ্তাহে বোর্নমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছিল তারা। এই জয়ে ২৪ ম্যাচে ১১ জয় ও ছয় ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে চেলসি।
এএডি/