প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম আপডেট: ০২.০২.২০২৬ ১০:২৩ পিএম
দলটির আহ্বায়ক রিদওয়ান হাসান, সদস্য সচিব সালাহউদ্দীন জাহাঙ্গীর ও সাংগঠনিক সম্পাদক এহসান সিরাজ। সংগৃহীত ছবি‘বিসমিল্লাহ’ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে গ্রীন পার্টি নামে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি রুফটপ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে দলটির নাম ও স্লোগান ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে দলের আহ্বায়ক রিদওয়ান হাসান বাংলাদেশ গ্রীন পার্টির নাম ঘোষণা করেন এবং স্লোগান হিসেবে তুলে ধরেন ‘ইনসাফ ও প্রকৃতির পাহারাদার’।
তিনি বলেন, এই উদ্যোগ কোনো হঠাৎ রাজনৈতিক ঘোষণা নয়। ইনসাফভিত্তিক ও পরিবেশবান্ধব রাজনীতির প্রয়োজন থেকেই এই যাত্রা। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ কওমি আলেম ও শিক্ষার্থীদের নেতৃত্বে আগামীর প্রজন্মকে রাজনীতি সচেতন, সংগঠিত করার লক্ষ্যে যাত্রা করেছে বাংলাদেশ গ্রীন পার্টি। আপাতত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হচ্ছে না। আগামী তিন থেকে ছয় মাস হবে সংগঠন গড়ে তোলার প্রস্তুতি পর্ব।
অনুষ্ঠানে জানানো হয়, দলের আহ্বায়ক যাত্রাবাড়ী থানা কমিটির সদস্য হিসেবে এবং সদস্য সচিব ধামরাই থানা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব গ্রহণ করেছেন। দলটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন এহসান সিরাজ।
সময়ের আলো/আআ