ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, নির্বাচনের ফল ঘোষণা না করা পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না। নিজেরা ভোট দিতে যাবেন এবং অপরকে সঙ্গে করে নিয়ে যাবেন। অপশক্তি যারা আছে তাদের বিরুদ্ধে সজাগ থাকবেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ঢাকা কলেজের সামনে থেকে তার গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ সময় রাস্তার দুপাশে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গণসংযোগে তিনি বলেন, ঢাকা-১০ আসনের মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। ইনশাল্লাহ, জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে এই এলাকাকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য ঢাকা হিসেবে গড়ে তুলব।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম করে এসেছে। আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন।
শেখ রবিউল বলেন বলেন, এ দেশের সমৃদ্ধি তারেক রহমানের হাত ধরেই হবে। আর সেটা নির্ভর করছে আপনাদের ওপর। আপনারা যদি সক্রিয় থাকেন তাহলে দেশের ও জাতির বিজয় হবে।
গণসংযোগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ছাত্র, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
স্থানীয় বিএনপি নেতারা জানান, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। গণসংযোগে মানুষের যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান তৈরি হবে।
গণসংযোগ শেষে ল্যাবএইড হাসপাতালের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন শেখ রবিউল আলম রবি। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে থাকার আহ্বান জানান।
সময়ের আলো/আআ