দেশের সোনার বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাবে সোমবার একাধিকবার কমানোর পর মঙ্গলবার সকালে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায়, যা সোমবার বিকেলে ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাজুস এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানায়। ঘোষণার সময় থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
অন্যদিকে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরিপ্রতি ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড মূল্যবৃদ্ধি দেখা যায়। বৃহস্পতিবার সকালে এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে বাজুস ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় নির্ধারণ করে, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
তবে ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার সকালে ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমানোর ঘোষণা আসে। এরপর আরও কয়েক দফা মূল্যহ্রাস করা হলেও মঙ্গলবার সকালে আবার নতুন করে দাম বাড়ানো হলো।
এএডি/