নির্বাচনী সহিংসতা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, টিআইবির রিপোর্ট নিয়ে তিনি কথা বলতে চান না। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আগের নির্বাচনে কতজন নিহত হয়েছেন—সে তথ্য টিআইবির কাছ থেকেই জানতে হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত ‘কোস্ট গার্ড পদক প্রদান’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছেন। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা আবারও বলেন, টিআইবির রিপোর্ট তিনি করবেন না এবং অতীতের নির্বাচনের সঙ্গে তুলনা করে দেখার পরামর্শ দেন।
সহিংসতা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সংঘাতের ঘটনা মূলত নিজেদের মধ্যেই হচ্ছে। জনগণ নিজেরা মারামারি শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে অনেক সময় তা দ্রুত নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, কিছু ঘটনা যে ঘটছে না তা নয়, তবে আগের যেকোনো সময়ের তুলনায় এবার পরিস্থিতি অনেক ভালো। তাঁর মতে, সবাই এখন নির্বাচনমুখী এবং আগের নির্বাচনের সঙ্গে তুলনা করলে বর্তমান পরিস্থিতি উন্নত বলেই মনে হচ্ছে।
সহিংসতা বাড়ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সহিংসতা বাড়ছে না, তবে কিছু ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে মাঠে রয়েছে। তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং বলেন, সামান্য কথাতেই যেন মানুষ সংঘাতে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
৫ আগস্টের পর সুন্দরবন জলদস্যুদের নিয়ন্ত্রণে চলে গেছে—এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বক্তব্য সঠিক নয়। তার ভাষায়, যদি সুন্দরবন জলদস্যুদের দখলে থাকত, তাহলে সেখানে এত পর্যটক যেত না। তিনি দাবি করেন, সুন্দরবন পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং উপকূলীয় অঞ্চলের ভোটকেন্দ্রগুলো নিরাপদ থাকবে।
হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি জানান, উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।
নির্বাচনে সহিংসতা কোনো বড় চ্যালেঞ্জ হবে কি না—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়। এতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/ইউএমএইচ