পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানী ঢাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো এবং বিস্ফোরক দ্রব্যের ব্যবহারেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
আরও পড়ুন
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শবে বরাতের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা, পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ডিএমপি জানায়, ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে শুরু করে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকার ভেতরে আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
এএডি/