শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ডোপ টেস্টের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ভবনে এ ভর্তি কার্যক্রম শুরু হয়।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, প্রথম দিনে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের মেধাক্রম ১ থেকে ৫০০ পর্যন্ত শিক্ষার্থীকে ভর্তির জন্য ডাকা হয়েছে।
ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম সাইফুল ইসলাম বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ডোপ টেস্ট করে তাৎক্ষণিকভাবে ফলাফল জানানো হচ্ছে। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬০ জন শিক্ষার্থীর ডোপ টেস্ট করা হয়েছে। এ পর্যন্ত কারও ফলাফল পজিটিভ পাওয়া যায়নি।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলেই যথেষ্ট নয়, নৈতিকতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। ডোপ টেস্ট ছাড়া ভর্তি কার্যক্রম পরিচালনা করলে মাদকাসক্ত শিক্ষার্থী ভর্তি হওয়ার ঝুঁকি থাকে, যা পরবর্তীতে অন্য শিক্ষার্থীদের মধ্যেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এসব বিবেচনায় বাংলাদেশে প্রথমবারের মতো শাবিপ্রবি ডোপ টেস্টের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্র জানায়, ডোপ টেস্টে কোনো শিক্ষার্থীর ফলাফল পজিটিভ এলে অভিভাবকের মুচলেকার ভিত্তিতে শর্তসাপেক্ষে ভর্তি দেওয়া হয়। ভর্তি শেষে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে তিন থেকে ছয় মাস পর্যবেক্ষণে রাখা হয়। এ সময়ের মধ্যে মাদক ত্যাগে ব্যর্থ হলে তার ভর্তি বাতিল করা হয়।
ডোপ টেস্ট কার্যক্রমে সহায়তা করছে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ।
এছাড়াও ভর্তির সময় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানানো বাধ্যতামূলক। যাদের রক্তের গ্রুপ জানা নেই, তাদের জন্য বিনামূল্যে পরীক্ষা করছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’।
ঢাকা থেকে ভর্তি হতে আসা মাহির রাইয়ান বলেন, তার মেধাক্রম ৩২৬। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তি হতে চান। বুয়েটসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তার ভালো অবস্থান থাকলেও সিএসইতে পড়াই ছিল তার লক্ষ্য।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো ডোপ টেস্টের মাধ্যমে ভর্তি কার্যক্রম চালু করে শাবিপ্রবি। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তিসহ সপ্তমবারের মতো এ প্রক্রিয়া চালু রাখা হয়েছে।
আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ‘এ’ ইউনিটের মেধাক্রমে ৫০১ থেকে ৯৬০ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হয়েছে। এরপর রোববার ‘বি’ ইউনিটের বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের এবং সোমবার মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ১৪ হাজার ৯০০ টাকা ভর্তি ফি পরিশোধ করতে হবে।
এফআর