যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের লিটলবরো এলাকায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি সোমবার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে রচডেলের কাছে এম৬২ মহাসড়কের পাশের একটি কৃষিজমিতে ঘটেছে।
বিধ্বস্ত বিমানটি একটি ছোট আকারের সিরাস এসআর-২০ (Cirrus SR 20) মডেলের উড়োজাহাজ। এটি সকাল ১০টার দিকে বার্মিংহাম বিমানবন্দর থেকে এক্সএলআর এক্সিকিউটিভ জেট সেন্টার থেকে উড্ডয়ন করেছিল। প্রতিষ্ঠানটি মূলত ভিআইপি ও ব্যক্তিগত যাত্রীদের জন্য বিশেষ ফ্লাইট সেবা দিয়ে থাকে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) জানিয়েছে, দুর্ঘটনার পরপরই জরুরি পরিষেবা এবং এয়ার অ্যাকসিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (এএআইবি) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুর্ঘটনাস্থলটি ঘিরে নিরাপত্তা বলয় স্থাপন করা হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
পুলিশ নিশ্চিত করেছে, বিমানে থাকা দুইজন পুরুষ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানে আর কেউ ছিলেন না এবং দুর্ঘটনাস্থলে কোনো ব্যক্তি আহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর স্থানীয় এলাকায় বিশাল চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকেই প্রথমে দূর থেকে বড় একটি হলুদ প্যারাসুট দেখেন, যা পরে বোঝা যায় যে উড়োজাহাজে থাকা জরুরি প্যারাসুট সিস্টেম থেকে বের হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, সিরাস এসআর-২০ বিমান এই ধরনের প্যারাসুট সিস্টেমে সজ্জিত থাকে, যা জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ওই হলুদ প্যারাসুট নিকটবর্তী একটি বৈদ্যুতিক টাওয়ারে আটকে আছে।
স্থানীয় কৃষক পিট রবিনসন জানান, তিনি মাঠে কাজ করার সময় হঠাৎ সাইরেনের শব্দ শুনে দেখেন পাহাড়ি এলাকায় জরুরি যান ও হেলিকপ্টারের উপস্থিতি। কিছু পর্যবেক্ষক প্রথমে প্যারাসুটটিকে প্যারাগ্লাইডার মনে করেছিলেন। স্থানীয় এক গলফ ক্লাবের রক্ষক অ্যান্ড্রু মায়াল বলেন, প্রথমে মনে হয়েছিল বাতাসের কারণে একটি বিশাল চাদর উড়ে এসেছে।
জিএমপির চিফ সুপারিনটেনডেন্ট ড্যানি ইংলিস বলেন, এটি একটি হৃদয়বিদারক দুর্ঘটনা, যেখানে দুইজন প্রাণ হারিয়েছেন। আমরা তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দুর্ঘটনার পূর্ণ কারণ জানতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।
তদন্তকারীরা বিমান, প্যারাসুট এবং দুর্ঘটনার আশেপাশের সব প্রমাণ পুনরুদ্ধারের মাধ্যমে দুর্ঘটনার কারণ নির্ণয় করার চেষ্টা করছেন। স্থানীয় মানুষ এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য আহরণের জন্য পুলিশ আহ্বান জানিয়েছে।
সিরাস এসআর-২০ এর জরুরি প্যারাসুট সিস্টেম সত্ত্বেও এই দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি ঘটেছে। এটি নিরাপত্তা ও জরুরি সিস্টেমের প্রয়োগের সীমাবদ্ধতার গুরুত্বকে পুনর্ব্যক্ত করে এবং স্থানীয় কমিউনিটিতে গভীর শোকের ছাপ ফেলেছে।
/ইউএমএইচ