দীর্ঘ প্রায় বিশ বছর পর বরিশালে এসে নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত এই সমাবেশে যোগ দিয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।
এর আগে, ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালে পৌঁছে দুপুর ১২টা ২৫ মিনিটে জনসভাস্থলে উপস্থিত হন তারেক রহমান। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান দলের নেতাকর্মী ও সমর্থকেরা। তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
এই জনসভা থেকেই বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে বিএনপি ও জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। বরিশাল জেলার ছয়টি আসনে বিএনপির প্রার্থীরা হলেন- জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), সরদার সরফুদ্দিন আহমেদ (বরিশাল-২), জয়নুল আবেদীন (বরিশাল-৩), মো. রাজিব আহসান (বরিশাল-৪), মো. মজিবর রহমান সরওয়ার (বরিশাল-৫) এবং আবুল হোসেন খান (বরিশাল-৬)।
ঝালকাঠির দুটি আসনে প্রার্থী হয়েছেন রফিকুল ইসলাম জামাল (ঝালকাঠি-১) ও ইসরাত সুলতানা ইলেন ভূট্টো (ঝালকাঠি-২)। বরগুনায় বিএনপির প্রার্থীরা হলেন মো. নজরুল ইসলাম মোল্লা (বরগুনা-১) ও মো. নূরুল ইসলাম (বরগুনা-২)।
পটুয়াখালীর চারটি আসনে প্রার্থীদের মধ্যে রয়েছেন- আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), মো. সহিদুল আলম তালুকদার (পটুয়াখালী-২), মো. নুরুল হক (পটুয়াখালী-৩) এবং এ বি এম মোশাররফ হোসেন (পটুয়াখালী-৪)। পিরোজপুরে তিনটি আসনে মনোনয়ন পেয়েছেন আলমগীর হোসেন (পিরোজপুর-১), আহম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২) ও মো. রুহুল আমীন দুলাল (পিরোজপুর-৩)।
আরও পড়ুন
ভোলা জেলার চারটি আসনে বিএনপি ও জোটের প্রার্থীরা হলেন- আন্দালিভ রহমান (ভোলা-১), মো. হাফিজ ইব্রাহিম (ভোলা-২), হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম (ভোলা-৩) এবং মোহাম্মদ নূরুল ইসলাম (ভোলা-৪)।
সমাবেশ ঘিরে আগের দিন থেকেই বরিশাল নগরীতে জড়ো হতে শুরু করেন বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরের পর থেকেই তারা বেলস পার্ক এলাকায় আসতে থাকেন। অনেকেই রাত কাটান সমাবেশস্থলেই। স্লোগান, আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পুরো রাতজুড়ে এলাকায় ছিল উৎসবের আমেজ।
বুধবার সকাল থেকেই মিছিলের নগরীতে পরিণত হয় বরিশাল। একের পর এক মিছিল এসে ভিড় জমাতে থাকে বেলস পার্ক ময়দানে। বেলুন, ধানের শীষ প্রতীক, ব্যানার-ফেস্টুন ও দলীয় রঙে সাজানো হয় পুরো এলাকা।
কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনি জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আর তারেক রহমান এর আগে ২০০৫ সালে বরিশাল সফরে এসেছিলেন, তখন তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে কর্মীসভায় অংশ নিয়েছিলেন।
বরিশালের জনসভা শেষে ফরিদপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ফরিদপুরে জনসভা শেষে তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন।
এএডি/