যশোরের শার্শা উপজেলায় মাটি কাটার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। বুধবার আনুমানিক সকাল ৯টার দিকে পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাই বলেন, বালুন্ডা গ্রামের প্রবাসী জাকির হোসেন ঢালির বাড়িতে বাথরুমের সেপটিক ট্যাঙ্ক তৈরি করতে গর্ত খনন করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বোমা বিস্ফোরণে দুজন শ্রমিক আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে বোমার আলামত উদ্ধার করেছে পুলিশ। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে বোমা রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) আরিফ হোসেন বলেন, কারা কী কারণে সেখানে বোমা পুঁতে রেখেছিল তা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে পুলিশ।
আহতরা হলেন- বালুন্ডা গ্রামের কাচারিপাড়ার আব্দুল বারিক সরদারের ছেলে জাকির সরদার ও নুরজাক সরদারের ছেলে আব্দুল কাদের। ঘটনার পর আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসাপাতালে পাঠানো হয়।
সময়ের আলো/কেএইচও