সাইকেল-হ্যান্ডমাইকে মানুষের দোরগোড়ায় ভোটের ডাক

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের নির্বাচনি মাঠে যখন বড়ো দলের প্রার্থীরা কর্মীবাহিনী, গাড়ির বহর আর উচ্চ বাজেটের প্রচারণায় ব্যস্ত, তখন এক ভিন্ন

2026-02-05T12:27:32+00:00
2026-02-05T12:27:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সাইকেল-হ্যান্ডমাইকে মানুষের দোরগোড়ায় ভোটের ডাক
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৭ পিএম 
কাঁধে ঝোলানো হ্যান্ডমাইক, পুরোনো একটি সাইকেলের প্যাডেলে ভর করে একাই মানুষের দোরগোড়ায় স্বতন্ত্র প্রার্থী, স্কুলশিক্ষক মো. আজিজার রহমান। ছবি : সময়ের আলো
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের নির্বাচনি মাঠে যখন বড়ো দলের প্রার্থীরা কর্মীবাহিনী, গাড়ির বহর আর উচ্চ বাজেটের প্রচারণায় ব্যস্ত, তখন এক ভিন্ন ছবি চোখে পড়ে গ্রাম-গঞ্জের অলিগলিতে। কাঁধে ঝোলানো হ্যান্ডমাইক, পুরোনো একটি সাইকেলের প্যাডেলে ভর করে একাই মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী, স্কুলশিক্ষক মো. আজিজার রহমান (বিএসসি), তার প্রতীক ঢেঁকি নিয়ে। দৃশ্যটি যেমন ব্যতিক্রমী, তেমনি মানবিক। 

ভোরে ফজরের নামাজের পর সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের ছোট্ট বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। সাইকেলে ছোট লিফলেট আর ঢেঁকি প্রতীক ঝুলিয়ে ছুটে যান হাট-বাজার, চা-দোকান, গ্রামের চৌরাস্তা, যেখানে মানুষ, সেখানেই তার পথসভা। কর্মীবাহিনী নেই, মাইকিংয়ের জন্য ভাড়া করা গাড়িও নেই, নিজের কেনা একটি হ্যান্ডমাইকই তার সম্বল। হাতে মাইক তুলে বলে যান প্রত্যাশার কথা, উন্নয়নের স্বপ্ন, শিক্ষা-স্বাস্থ্যের কথা। 

আজিজার রহমান স্থানীয় দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মৃত রজ্জবের ছেলে এই মানুষটি রাজনীতির ময়দানে নতুন নন। এর আগেও উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবং সংসদ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জয়ের মুখ না দেখলেও থেমে যাননি। জনসেবার আগ্রহ আর মানুষের কাছে যাওয়ার তাগিদ তাকে বারবার মাঠে নামিয়েছে।

স্থানীয়রা বলেন, তার কাছে নেই মোটরসাইকেল বা প্রচারণার গাড়ি। আছে শুধু বহু বছরের পুরোনো একটি সাইকেল আর অদম্য মনোবল। তাই প্রতিদিন একাই শতাধিক পথসভা করেন, কথা বলেন সাধারণ ভোটারদের সঙ্গে। কোথাও কটাক্ষও শুনতে হয়। কিন্তু প্রতিবাদ নয়, হাসিমুখে হাত মেলান, আবার ছুটে যান পরের গন্তব্যে।


আজিজার রহমানের ভাষায়, ভোটাররাই আমার কর্মী-সমর্থক। ঢেঁকি মার্কা বললেই অনেকে বলেন, আমাদের আজিজার বিএসসি ভাই আসছেন। মানুষের এই সাড়া-ই আমার শক্তি। তার বিশ্বাস, নির্বাচিত হলে এলাকার মানুষকে সঙ্গে নিয়েই উন্নয়নমূলক কাজ করবেন।

এই নিঃসঙ্গ প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে ‘গণতন্ত্রের সৌন্দর্য’ বলে উল্লেখ করছেন। রাজনীতির জাঁকজমক আর বাণিজ্যিকীকরণের যুগে আজিজার রহমান যেন দেখিয়ে দিচ্ছেন, মানুষের কাছে যেতে বড়ো বাজেট বা বিশাল দল নয়, দরকার সদিচ্ছা।

উল্লেখ্য, গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১৪৫ ভোটকেন্দ্রের ৯৫২ কক্ষে ভোট দেবেন মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন ভোটার। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২, নারী ২ লাখ ৫৭ হাজার ২৭৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন ও গণভোট।

ভোটের ফল যা-ই হোক, আজিজার রহমানের সাইকেল চালিত এই যাত্রা ইতোমধ্যেই একটি বার্তা দিয়ে যাচ্ছে। বড়ো দলের ছায়ায় দাঁড়িয়ে নয়, মানুষের কাতারে নেমে, মানুষের চোখে চোখ রেখে কথা বলার মধ্যেই আছে রাজনীতির আসল শক্তি। তার এই নীরব, নিরেট প্রচেষ্টা অনেকের কাছে হয়ে উঠেছে এক প্রতীকী প্রতিরোধ, গণতন্ত্রের পথে এক মানবিক পদচারণা।


/ইউএমএইচ


  বিষয়:   নির্বাচন  সাইকেল-হ্যান্ডমাইক  গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন  স্বতন্ত্র প্রার্থী  স্কুলশিক্ষক মো. আজিজার রহমান (বিএসসি) 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: