সিরাজগঞ্জের তাড়াশে আইন অমান্য করে কৃষি জমিতে পুকুর খননের দায়ে মো. কামরুল ইসলামকে নামে একজনকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাড়াশ পৌর এলাকার কাউরাইল মাঠে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. জেড. এম. নাহিদ হোসেন।
অভিযানে অবৈধভাবে পুকুর খননের দায়ে মো. কামরুল ইসলামকে আটক করা হয়। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী অবৈধভাবে পুকুর খননের অপরাধে কামরুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে আর এ ধরনের কাজে এক্সকেভেটর ভাড়া দেবেন না এ মর্মে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. জেড. এম. নাহিদ হোসেন জানান, কৃষি জমিতে আইন অমান্য করে পুকুর খনন করলে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান চালু থাকবে।
সময়ের আলো/আআ