আসন্ন সংসদ নির্বাচনে পাবনা- ২ (বেড়া -সুজানগর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তবে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব ও জামায়াত প্রার্থী অধ্যাপক কেএম হেসাব উদ্দিন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন দুই প্রার্থী। বিপরীতে লাঙল, হাতপাখা ও উদীয়মান সূর্য প্রতীকের ফেস্টুন ব্যানার এলাকায় স্বল্পমাত্রায় থাকলেও প্রার্থীদের খুব একটা দেখা মেলেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ভোটাররা জানান, অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব ও হেসাব উদ্দিন ছাড়া অন্য তিন প্রার্থীর চেহারা তারা দেখেন নি। আবার অনেক ভোটার ওইসব প্রার্থীর পরিচয়ও ঠিক মতো জানেন না।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা- ২ (বেড়া-সুজানগর) আসনে বিএনপির অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, জামায়াতের কেএম হেসাব উদ্দিন, ইসলামী আন্দোলনে আফজাল হোসেন কাসেমী, জাতীয় পার্টির মেহেদী হাসান রুবেল এবং গণফোরামের প্রার্থী হয়েছেন শেখ নাসির উদ্দিন।
সরেজমিনে দেখা যায়, নির্বাচনের আর ছয়দিন বাকি থাকলেও ভোটার এবং সাধারণ মানুষের মাঝে তেমন আমেজ নেই। হাটবাজারের চায়ের দোকানগুলোতেও নেই নির্বাচনি আড্ডা।
নির্বাচনি এলাকার প্রান্তিক জনপদ ঘুরে দেখা যায়, বেশিরভাগ সাধারণ মানুষ গণভোট সম্পর্কে জানেন না। সরকারিভাবে গণভোট সম্পর্কে প্রচারণার কথা বলা হলেও প্রত্যন্ত গ্রামগঞ্জ এবং চরাঞ্চলে নেই তেমন কোনো প্রচার-প্রচারণা
ভোটাররা বলেন, আগামী ১২ তারিখে ভোটকেন্দ্রে গিয়ে তারা সংসদ সদস্য পদে ভোট দিবেন। তবে গণভোটের ব্যালটে কোনদিকে ভোট দিবেন তা তাদের কাছে অজানা। আবার অনেক সাধারণ মানুষ আক্ষেপ করে বলেন হ্যাঁ ভোট না দিলে নাকি তাদের এনআইডি কার্ড বাতিল হবে। এমন সংশয়ের মধ্যে রয়েছে চরাঞ্চলের ভোটাররা।
সময়ের আলো/আআ