ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। এই গণতান্ত্রিক উৎসবকে ঘিরে জনমনে নিরাপত্তা ও নিশ্চিন্ত পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে ৬৬ পদাতিক ডিভিশনের কমান্ডো গ্রুপের মহড়ার আয়োজন করা হয়।
রংপুর জেলাজুড়ে সেনাবাহিনীর জোরদার টহলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এবং ভোট প্রদানের উৎসাহ দেখা গেছে।
সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় সড়কগুলোতে টহল দিয়েছে সেনাবাহিনী। নির্বাচনের আগে ও পরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতেই তাদের এই অবস্থান।
৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় মহড়া শেষে জানানো হয়, নির্বাচনকালীন যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত আছে সেনাবাহিনী।
মহড়ায় হেলিকপ্টারে করে ১০ জনের প্যারা কমান্ডো গ্রুপ ক্রিকেট গার্ড নির্বাচনের জন্য এই মহড়ায় অংশগ্রহণ করেন। বিভাগের প্রত্যন্ত এলাকার যে কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা ঘটলে তারা হেলি ড্রপ করে পরিস্থিতি মোকাবিলায় কিভাবে কাজ করবেন তা প্রদর্শন করে।
সেনাবাহিনীর এ মহড়ার পাশেই অবস্থিত পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, এবং মাঠের পাশে দাঁড়িয়ে থাকা শতশত দর্শনার্থী উপভোগ করেন। এ সময় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
সময়ের আলো/জোআই/