ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য করার অভিযোগে পোল্যান্ডের পার্লামেন্ট স্পিকার ভ্লোঝিমিয়েশ চারঝাস্তির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ওয়ারশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম রোজ জানান, চারঝাস্তির বক্তব্য যুক্তরাষ্ট্র–পোল্যান্ড সম্পর্কের জন্য ক্ষতিকর হওয়ায় ওয়াশিংটন তার সঙ্গে আর কোনো লেনদেন বা যোগাযোগ রাখবে না। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে সোমবার চারঝাস্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কঠোর সমালোচনা করেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার একটি উদ্যোগে সমর্থন দিতে অস্বীকৃতি জানান।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এবং ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানার প্রস্তাবিত ওই উদ্যোগের লক্ষ্য ছিল ২০২৬ সালে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নে বিভিন্ন দেশের পার্লামেন্ট প্রধানদের একত্র করা।
চারঝাস্তি সাংবাদিকদের বলেন, তার মতে ট্রাম্প বলপ্রয়োগ ও লাভ-ক্ষতির হিসাবভিত্তিক রাজনীতির প্রতীক, যা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা নষ্ট করছে। এ কারণেই তিনি মনে করেন, ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য নন।
চারঝাস্তি পোল্যান্ডের ক্ষমতাসীন জোট সরকারের অংশ ‘দ্য লেফট’-এর নেতা।
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত টম রোজ এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ট্রাম্পকে নিয়ে চারঝাস্তির ‘বিনা উসকানির ও ক্ষুব্ধ’ মন্তব্য পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সরকার সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্কের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র–পোল্যান্ড সম্পর্ক নষ্ট করার চেষ্টা বা পোল্যান্ডের জন্য অবদান রাখা একজন নেতার অসম্মান তারা মেনে নেবে না।
এর জবাবে চারঝাস্তি এক্সে পাল্টা পোস্ট দিয়ে জানান, রাষ্ট্রদূতের প্রতিক্রিয়ায় তিনি দুঃখিত হলেও মৌলিক বিষয়ে নিজের অবস্থান বদলাবেন না।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, মিত্রদের একে অপরের প্রতি সম্মান দেখানো উচিত, উপদেশ দেওয়া নয়—এটাই পোল্যান্ডে সহযোগিতার সঠিক অর্থ বলে তারা মনে করেন।
/ইউএমএইচ