শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও প্রতিবাদী জনতার ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে এখন পর্যন্ত কোন উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শহিদ হাদির স্ত্রীসহ সাধারণ মানুষ বৃহস্পতিবার থেকে আন্দোলন করে আসছিলেন। তাদের আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ ও হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
সরকারকে অতিদ্রুত ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে। আন্দোলনরতদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই নৃশংস হামলার ঘটনায় তাদেরকে জবাবদিহি ও শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে হাদি হত্যার দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে।
/ইউএমএইচ