বিএনপি ও আওয়ালীগকে জনগণ প্রত্যাখান করেছে মন্তব্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম) বলেছেন, আমি বিএনপির নেতাকর্মীদের বলছি, তোমরা লেখাপড়া কর, আর গুণ্ডামি চলবে না। ডা. মোহাম্মদ শফিকুর রমানের সাথে বেয়াদবি করা চলবে না। বিএনপিকে ভোট দিলে ঋণ খেলাপি, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম মিয়াবাজারের উজিরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
১১ দল ক্ষমতায় গেলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ঋণ খেলাপিদেরকে গ্রেফতার করব। দেশটাকে বাঁচাতে যুবকদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশের অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। যারা ভারতের গোলামি করে তাদেরকে আর ভোট দিবেন না।
তিনি আরও বলেন, আমি ডা. শফিকুর রহমানকে অনুরোধ করব, ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াবেন। শিক্ষিত ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি দুর্নীতিবাজদের ভোট দেবেন নাকি ন্যায় ইনসাফের পক্ষে ভোট দেবেন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জনসভায় প্রধান বক্তা ছিলেন। তিনি বলেন, এ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। বাংলাদেশ টিকবে কি টিকবে না তা নির্ধারণের নির্বাচন এটি বলে মন্তব্য করেন তিনি।
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের সভাপতিত্বে জনসভায় জামায়াতে ইসলামীর অন্যান্য নেতাকর্মীরাও অংশ নেন।
/ইউএমএইচ