মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে জামালপুর গ্রামে কিশোর গ্যাংয়ের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে এ অভিযান পরিচালিত হয়। পরে উদ্ধার অস্ত্র থানায় হস্তান্তর করা হয়।
গজারিয়া সেনাক্যাম্প সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশব্যাপী সেনাবাহিনীর অভিযান চলছে। এর ধারাবাহিকতায় গুয়াগাছিয়া এলাকার কিশোর গ্যাংয়ের আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে একটি শুটারগান, দুই রাউন্ড গুলি, অস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন কিশোর গ্যাং লিডার নীরবকে বাড়িতে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, নীরব ওই এলাকার ত্রাস হিসেবে পরিচিত। সে কুখ্যাত ‘নয়ন ও পিয়াস’ ডাকাত দলের শীর্ষ নেতা নয়নের ছেলে। এলাকায় একটি সক্রিয় কিশোর গ্যাং পরিচালনা করত সে। তার বাবা ও সহযোগীদের অনুপস্থিতিতে নীরব এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও আধিপত্য বিস্তারের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তর করেছে। পর আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।
সময়ের আলো/আআ