বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজানের প্রস্তুতি শুরু করেছেন। প্রাথমিক পূর্বাভাস বলছে, কিছু কিছু দেশে এবার রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি।
দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের জ্যোতির্বিদ ও ধর্মীয় কর্তৃপক্ষ এখন আকাশের দিকে তাকিয়ে আছেন নতুন চাঁদ দেখার অপেক্ষায়। রমজান শুরুর চূড়ান্ত দিনক্ষণ নির্ভর করে চাঁদ দেখার ওপর। তবে চাঁদ দেখা সাপেক্ষে রমজানের সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হলেও বিভিন্ন দেশ ও জ্যোতির্বিদ সংস্থার হিসাব অনুযায়ী, এ বছর ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকেই রোজা শুরু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
আরব আমিরাত, সৌদি আরব ও অধিকাংশ আরব দেশে ১৮ ফেব্রুয়ারি পবিত্র শাবান মাসের ৩০ দিন পূর্ণ ও ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পবিত্র রমজান মাসের প্রথম দিন হিসেবে গণনা হতে পারে। তাই এই অঞ্চলের যেসব দেশ নিশ্চিতভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা পালন শুরু করে, সেসব দেশে ১৮ ফেব্রুয়ারিকে (বুধবার) পবিত্র শাবান মাসের ৩০তম বা শেষ দিন হিসেবে ধরা হতে পারে।
নিচে বাংলাদেশসহ কয়েকটি দেশের সম্ভাব্য শুরুর তারিখ
বাংলাদেশ
বাংলাদেশে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ১৯ ফেব্রুয়ারি।
ইসলামিক ফাউন্ডেশনের প্রাথমিক হিসাব অনুযায়ী, সেদিন থেকেই রোজা শুরু হতে পারে। অবশ্য জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পরই দিনক্ষণ চূড়ান্ত হবে।
পাকিস্তান
পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটিতেও রমজানের প্রথম দিন হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। সংস্থাটির হিসাবে, নতুন চাঁদ জন্ম নেবে ১৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা ১ মিনিটে (পাকিস্তান সময়)। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা প্রবল। করাচিতে ওই সন্ধ্যায় চাঁদের বয়স হবে প্রায় ২৬ ঘণ্টা।
আবহাওয়া বিভাগ জানায়, সেদিন সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে। ফলে সূর্যাস্তের পর চাঁদ দেখার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে।
ভারত
ভারতে অন্যান্য দেশের মতোই স্থানীয়ভাবে চাঁদ দেখার পর রমজানের তারিখ ঘোষণা করা হবে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতে।
মিসর
এশিয়ার বাইরেও মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে চাঁদ দেখার প্রস্তুতি চলছে।
মিসরের পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর পূর্বাভাস অনুযায়ী, সেখানেও ১৯ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ফিলিপাইন
ফিলিপাইনে রমজান শুরু হতে পারে এক দিন আগে, অর্থাৎ বুধবার, ১৮ ফেব্রুয়ারি।
তবে দেশটির মুসলিম অঞ্চলের ধর্মীয় কর্তৃপক্ষ বাংগসামোরো দারুল ইফতা ও ন্যাশনাল কমিশন অন মুসলিম ফিলিপিনোসের আনুষ্ঠানিক চাঁদ দেখা ঘোষণার ওপর চূড়ান্ত তারিখ নির্ভর করবে।
গত বছর বাংগসামোরো স্বায়ত্তশাসিত মুসলিম অঞ্চল মিনদানাওয়ে চাঁদ দেখা কার্যক্রম পরিচালিত হয়। সে সময় বাংগসামোরো মুফতি শায়খ আবদুলরউফ এ গুইয়ালানি পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
জ্যোতির্বিদদের অধিকাংশ পূর্বাভাস বলছে, স্থানীয় চাঁদ দেখার ওপর নির্ভর করলেও রমজান ২০২৬ শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে।