নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় অন্তত ১০ জন আহত হন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালপুর উপজেলায় কচুয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় কচুয়া বাজারে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা গণসংযোগ চালানোর সময় বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় পাঁচ থেকে সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
হামলায় আহতরা হলেন ফারুক (৪৮), শরিফুল (৩৪), সম্রাট (২৬), শিহাব (৩০), সাহেদ (২০), জাহাঙ্গীর আলম (৪৫), এনামুল হক (৫০), আকমল (৩৫), ফরহাদ (২৮) ও ফারুক (৩৭)। আহতদের মধ্যে সাত জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বাকি তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু বলেন, আমার কর্মীরা শান্তিপূর্ণ মিছিল করছিল। মিছিলটি বাজারের রাস্তা দিয়ে যাওয়ার সময় ধানের শীষের কার্যালয় থেকে হামলা করা হয়। এতে আমার ১০ জন কর্মী আহত হয়েছে। হামলাকারীরা বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের সমর্থক।
অভিযোগ অস্বীকার করে বিএনপি'র প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মিডিয়া সেলের প্রধান বাবু বলেন, স্বতন্ত্র প্রার্থীর মিছিল থেকে বিএনপির নির্বাচনি কার্যালয়ে হামলা করা হয়। এ সময় কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙচুর করা হয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, আমরা দুপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখছি এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
সময়ের আলো/আআ