মুন্সীগঞ্জ সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে। এ সময় ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটে। হামলায় দুইজন গুলিবিদ্ধ হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মোল্লাকান্দি ইউনিয়নের বেহেরকান্দি ও মুন্সীকান্দি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকজন আহত হলেও গুলিবিদ্ধ দুজনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন, জালাল সরকার (৬৫) ও রিজন (৩০)। তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনকি মুহূর্তের মধ্যেই ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, শনিবার সকালে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ফুটবল প্রতীকের সমর্থক ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সীকান্দি এলাকায় নির্বাচনি প্রচারণায় যায়। এসময় স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার অনুসারীরা ককটেল নিয়ে হামলা চালায়।
পরে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আওলাদ পক্ষের কয়েকজনকে অস্ত্র হাতে অবস্থান করতে দেখা গেছে।
অভিযুক্ত উজির আলী সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আওলাদ হোসেন মোল্লা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তারা উভয়ই মুন্সীগঞ্জ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ সদর অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এদের পূর্ব বিরোধ ছিল। নির্বাচন ঘনিয়ে আসতেই আবার এরা এলাকায় সক্রিয় হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
এফআর