ফাইনালে বাংলাদেশকে উড়িয়ে চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া ডেস্ক

খেলা

সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নড়বড়ে বাংলাদেশকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নেপালের পোখরায় শনিবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভারতের কাছে

2026-02-07T19:22:49+00:00
2026-02-07T19:22:49+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
ফাইনালে বাংলাদেশকে উড়িয়ে চ্যাম্পিয়ন ভারত
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২২ পিএম 
সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নড়বড়ে বাংলাদেশকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সংগৃহীত ছবি
সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নড়বড়ে বাংলাদেশকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নেপালের পোখরায় শনিবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভারতের কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। 

যদিও বাংলাদেশ টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে দাপুটে ফুটবল খেলেছে। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল করলেও বাংলাদেশের জালে কেউ বল পাঠাতে পারেনি। তবে, ফাইনালে ঘটেছে উল্টো ঘটনা। এদিন বাংলাদেশ কোনো গোল করতে পারেনি। ভারত বাংলাদেশের জালে চার বার বল পাঠিয়েছে। ভারত বাংলাদেশের বিপক্ষে নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ফুটবল খেলেছে। সেখানে বাংলাদেশ ছিল একেবারে ছন্নছাড়া। 

নেপালের পোখারার এবড়োখেবড়ো মাঠে ফাইনাল ম্যাচে রক্ষণ ও গোলকিপারের ভুলই বাংলাদেশের হারের বড় কারণ। লিগ পর্বে ভারতকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশ ফাইনালে ছিল নিজেদের ছায়া হয়ে। ম্যাচে আধিপত্য ধরে রাখা দূরের কথা, রক্ষণের মারাত্মক সব ভুলে গোল হজম করতে হয়েছে একের পর এক। ম্যাচের অনেকটা নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় প্রথমার্ধেই। 


৪০ মিনিটে বাঁ দিক থেকে আসা একটি ক্রসে বাংলাদেশের ডিফেন্ডাররা পজিশন হারিয়ে ফেললে অরক্ষিত অবস্থায় বল পান ভারতের এক ফরোয়ার্ড। তিনি আলতো করে বল ঠেলেন অধিনায়ক জুলান নংমাইথেমকে। খুব কাছ থেকে বল জালে জড়াতে ভুল করেননি মনিপুরের মেয়ে। 

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর বদলে ৬০ মিনিটে পিছিয়ে থাকার ব্যবধান দ্বিগুণ হয়। বক্সে ভারতের ফরোয়ার্ড আলভা দেবী বাংলাদেশের গোলকিপার ইয়ারজান বেগম ও এক ডিফেন্ডারের মাঝখান দিয়ে বেরিয়ে যাওয়ার সময় পড়ে যান। ভুটানি রেফারি পেনাল্টির বাঁশি বাজানোর পর লক্ষ্যভেদ করেন এলিজাবেদ লাকড়া। 

৬৮ মিনিটে গোলকিপার ইয়ারজানের ভুলে শেষ হয়ে যায় সব আশা। বদলি খেলোয়াড় প্রতীমার ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে ভারতের পার্ল ফার্নান্দেজের গায়ে বল মারেন ইয়ারজান। ফিরতি শটে ফাঁকা জালে বল ঠেলে দিতে ভুল করেননি ফার্নান্দেজ। আগেভাগেই হেরে বসা বাংলাদেশ ৮৩ মিনিটে হজম করে চতুর্থ গোল (গোলদাতা অন্বিতা রঘুরামন)। 

সাফ অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০—এই তিন বিভাগের সর্বশেষ ৬টি আসরের ৫টিতেই চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিভাগে হওয়া ২০২৪ আসরে যুগ্ম চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ ও ভারত। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশের মেয়েরা ফাইনালের আগপর্যন্ত ছিল অপ্রতিরোধ্য। ফাইনালের আগে পিটার বাটলারের মেয়েরা তিন ম্যাচে ১৮ গোল করে কোনো গোল হজম করেনি। ভারত তিন ম্যাচে করে ৯ গোল, হজম করেছিল ২ গোল। 

টুর্নামেন্টে দুটি হ্যাটট্রিকসহ  ৭টি গোল করে সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের আলপি আক্তার। মুনকি আক্তার করেছেন ৪টি গোল। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ফাইনাল  বাংলাদেশ  চ্যাম্পিয়ন ভারত  সাফ  অনূর্ধ্ব-১৯  নারী ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: