টাঙ্গাইল -৪ কালিহাতী নির্বাচনি এলাকায় লুৎফর রহমান মতিনের ধানের শীষ ও আব্দুল লতিফ সিদ্দিকীর হাঁস মার্কার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সংঘর্ষে ধানের শীষের সমর্থক আব্দুল কুদ্দুসের (৫৩) অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় ১২টি সেলাই করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অন্যান্যরা হলেন, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নারান্দিয়া ইউনিয়ন ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল আজাদ (৫৬), পালিমা গ্রামের নজরুল ইসলাম (৫৫), কামাল (৪০), কাজিম উদ্দিন (৫৭)।
আহতরা জানিয়েছেন, বিএনপি নেতা আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে পালিমা থেকে নির্বাচনি প্রচারণায় লুহুরিয়া পৌঁছালে জয়বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত আওয়াল সিদ্দিকী ও ইসহাক সিদ্দিকীর নেতৃত্বে হামলা চালায়। হামলায় বিএনপি নেতা আলাউদ্দিন আল আজাদসহ ৫ জন আহত হয়েছে।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেনারেল হাসপাতালে ভর্তিকৃত কামালের মাথায় ৫টি সেলাই করা হয়েছে এবং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত কুদ্দুসের মাথায় ১২ টি সেলাই করা হয়েছে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মো. মেহেদী হাসান বলেন, আব্দুল কুদ্দুসের মাথায় ১২টি সেলাই করা হয়েছে। সে এখনও আশঙ্কা মুক্ত নন।
এই হামলার ঘটনায় উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতা কর্মীরা প্রতিবাদ মিছিল করেছে। সারা উপজেলায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
নারান্দিয়া, এলেঙ্গা, সহদেবপুর, রামপুর, বল্লা ও কালিহাতীতে এই হামলার প্রতিবাদে বিএনপি কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ জেড এম তৌফিক জানান, ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান। এলাকায় আইনশৃঙ্খলা সার্বিক অবস্থা স্বাভাবিক।
সময়ের আলো/এআর