ডাক্তারির ডিগ্রিধারী না হয়েও নামের আগে পদবি ব্যবহার করায় ফেনী-৩ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কমিটির দায়িত্বপালনকারী যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা নোটিশটি দেন।
নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনি আইন সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষক লিগ্যাল কমিটি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করছেন। কিন্তু তার নির্বাচনি হলফনামায় ডাক্তার পদবি উল্লেখ করেননি। যা সুস্পষ্টভাবে নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।
নোটিশে আরও বলা হয়, এমবিবিএস, বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।
নোটিশে মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে আজ রোববার বেলা সাড়ে ১১টায় নির্বাচনি, অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মোহাম্মদ ফখরুদ্দিন একজন হোমিওপ্যাথিক চিকিৎসক।
সময়ের আলো/আআ