ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, ১১ ফেব্রুয়ারি বেলা ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই ব্রিফিংয়ে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সামনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরবে কমিশন।
ইসি সচিব আখতার আহমেদ এ প্রসঙ্গে জানান, এবারের নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক মিলিয়ে প্রায় ৫০০ জনের মতো প্রতিনিধি বাংলাদেশে আসবেন। তাদের অবস্থান ও তথ্য সংগ্রহের সুবিধার্থে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনাররা উপস্থিত থাকবেন। বিদেশি প্রতিনিধিদের নির্বাচনসংক্রান্ত সব ধরনের তথ্য ও কারিগরি সহায়তা দিতে কাজ করছে ইসির জনসংযোগ বিভাগ।
সময়ের আলো/কেএইচও