ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী ইসরাত সুলতানা ইলেনভুট্টোকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। গণভোটে না দেয়ারও সিদ্ধান্ত জানায় দলটি।
সোমবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা জাতীয় পার্টি সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের যৌথ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানান। এর আগে দলীয় ফোরামে আলোচনায় সর্বসম্মতিক্রমে এ নীতিগত সিদ্ধান্ত নেয় দলের জেলা পর্যায়ে নীতিনির্ধারণী ফোরাম।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর- নলছিটি) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের কোনো প্রার্থী না থাকায় আমরা ঝালকাঠি-২ আসনের জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো-কে সমর্থন দিলাম।
আমরা স্থানীয় পর্যায়ে ধানের শীষ মার্কায় ভোট দিব এবং কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক গণভোটে আমরা "না" ভোটের পক্ষে ভোট দিব। এ বিষয়ে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীসহ সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম হোসেইন মোহাম্মদ এরশাদ প্রিয় সমর্থকদেরকে অনুরোধ করা হলো।
সময়ের আলো/জোআই