পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাবার ট্রলি থেকে পড়ে ওই ট্রলির চাকার নিচেই পিষ্ট হয়ে মুনতাহা নামে ৫ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাহা ওই এলাকার মুসা মিয়ার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মুসা মিয়া তার ট্রলিতে করে পার্শ্ববর্তী এলাকা থেকে বাঁশ নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে তার দুই সন্তান ট্রলিতে ওঠার বায়না ধরে। সন্তানদের আবদার মেটাতে মুসা মিয়া তাদের ট্রলিতে তুলে নেন। কিন্তু বাড়ির পথের একটি কালভার্টে ট্রলিটি সজোরে ধাক্কা খেলে মুনতাহা ছিটকে নিচে পড়ে যায় এবং চলন্ত ট্রলির চাকায় চাপা পড়ে।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। আদরের সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি)
মামলা করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/জোআই