নির্বাচনের ‘নীরবতা সময়’ শুরু হওয়ার পরও প্রচারণা চালানোর দায়ে পাবনার ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর এক কর্মীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বরাত হোসেন (২২), তিনি ওই এলাকার বাসিন্দা এবং আনোয়ার হোসেনের ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ থাকার কথা। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সকাল আনুমানিক ১০টার দিকে বরাত হোসেন এলাকায় জামায়াত ইসলামের পক্ষে প্রচার চালাচ্ছিলেন। তিনি প্রার্থীর ছবি, প্রতীক ও ভোটার নম্বর সংবলিত স্লিপ বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন
এ ঘটনার খবর পেয়ে স্থানীয়রা প্রশাসনকে জানালে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয় প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, নির্ধারিত সময় অতিক্রম করার পরও প্রার্থীর নাম, ছবি ও প্রতীকসহ প্রচারণা চালানো জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা ২০২৫-এর ৮(খ) ধারা লঙ্ঘনের শামিল। এ কারণে ২৭(ক) ধারায় বরাত হোসেনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি কার্যকর রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে এবং কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এএডি/