নির্বাচনকালীন ক্যাম্পাসে কোনো ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম। তিনি বলেন, ক্যাম্পাস পুরোপুরি নিরাপত্তা নজরদারিতে থাকবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তিনি এ মন্তব্য করেছেন।
রাশিদুল আলম বলেন, ‘নির্বাচনি ছুটিতে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। স্বাভাবিক সময়ে যেভাবে প্রক্টরিয়াল বডি ও সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সুরক্ষা জোরদার করে, ছুটির সময়ও একইভাবে তা বাস্তবায়ন করা হবে।’
তিনি বলেন, ‘পুরো ক্যাম্পাসে নিরাপত্তা প্রহরী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। যদি নির্বাচনের প্রেক্ষাপটে আশপাশে কোনো অনাকাঙ্ক্ষিত বা সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যায়, তবে নিয়ম মোতাবেক আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি প্রয়োজন হলে সেনাবাহিনীকে অবহিত করা হবে।’
তিনি আরও বলেন, ‘নিরাপত্তা নিয়ে অতিরিক্ত উদ্বেগের প্রয়োজন নেই। প্রয়োজনে শিক্ষার্থীরা সরাসরি প্রক্টরিয়াল টিমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আমরা দ্রুত সাড়া দেব।’
প্রশাসন জানিয়েছে, আবাসিক হলে রাউন্ডিং, জরুরি হটলাইন এবং অনলাইন মনিটরিং বজায় রাখা হবে, যাতে ছুটির সময়ও শিক্ষার্থীদের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে সুরক্ষা নিশ্চিত করা যায়।
সময়ের আলো/কেএইচও