প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৩ এএম আপডেট: ১১.০২.২০২৬ ১০:২৬ এএম
বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি গেট। ছবি : সময়ের আলোত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের একমাত্র চতুর্দশীয় স্থলবন্দর বাংলাবান্ধার আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সকল কার্যক্রম টানা তিন দিন বন্ধ থাকবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত এই বন্দর দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক চলাচল করবে না।
বুধবার সকালে বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে জানানো হয়, নির্বাচন উপলক্ষে সরকারি নির্বাহী আদেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এই দুদিন বন্দরের আমদানি-রপ্তানিসহ সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। পরের দিন ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটি হওয়ায় ওইদিনও কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৪ ফেব্রুয়ারি শনিবার থেকে পুনরায় যথারীতি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, সরকারি আদেশ মোতাবেক নির্বাচনকালীন নিরাপত্তা ও ভোট গ্রহণের সুবিধার্থে দুইদিন ও সাপ্তাহিক ছুটি মিলে এই তিন দিন বন্দরের পণ্য লোড-আনলোডসহ অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
এদিকে, বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট-ধারী যাত্রীদের বহিরাগমন বন্ধ থাকবে।
সময়ের আলো/জোআই