বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এর মধ্যেই নিজ এলাকায় গিয়ে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক গত ১০ ফেব্রুয়ারি মামলার শুনানি শেষে এ পরোয়ানা জারি করেন। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত এ আদেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, ‘নায়িকা বানানোর প্রলোভন’ দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাকে জোর করে গর্ভপাত করানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন
গত বছরের ২১ এপ্রিল ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। তদন্তকারী সংস্থা পিবিআই প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানালে আদালত অভিযোগ আমলে নেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানার বিষয়ে হিরো আলম অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, মামলাটি ‘ভুয়া’। তিনি জানিয়েছেন, নাগরিক হিসেবে ভোট দেওয়া তার সাংবিধানিক অধিকার এবং তিনি তা প্রয়োগ করবেন।
বার্তায় তিনি বলেন, তিনি নিজ এলাকায় রওনা হয়েছেন এবং রাতে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। নির্বাচনের পর আদালতে আত্মপক্ষ সমর্থনে হাজির হবেন বলেও জানান।
উল্লেখ্য, ২০২৩ সালে ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে ভোটকেন্দ্রের সামনে হামলার শিকার হন হিরো আলম। ঘটনাটি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এদিকে আদালতের পরোয়ানা কার্যকর করতে আইনশৃঙ্খলা বাহিনী কী পদক্ষেপ নেবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।
এএডি/