কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের পোল্টির মোড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি দেশীয় শুটার গান এবং দুটি বড় রাম দা, পাঁচটি ছোট রাম দা, পাঁচটি হাঁসুয়া, একটি চাপাতি ও একটি ছুরিসহ মোট ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
রাশেদ কামাল রনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকার বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চবিদ্যালয় স্থাপিত নির্বাচনি বেইজ ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অস্ত্র উদ্ধারে বিজিবি সদস্যরা ড্রোন ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে শনাক্ত করা করেন।’
তিনি বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।’
সময়ের আলো/কেএইচও