গাইবান্ধা সদর উপজেলায় ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়ার পথে একটি পিকআপ সড়কের পাশের খাদে পড়ে তিন আনসার সদস্য আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় ব্যালট বাক্সসহ সব নির্বাচনি সামগ্রী অক্ষত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত তিন আনসার সদস্যকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে নির্বাচনি সরঞ্জাম বহনকারী পিকআপটি হাসেম বাজার থেকে রুপার বাজারের দিকে যাচ্ছিল। সোলাগাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ পিকআপটির সামনের একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের পানিশূন্য খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন।
খবর পেয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি তদারকি করেন। পরে বিকল্প পরিবহনের মাধ্যমে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সরঞ্জাম নিরাপদে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
সহকারী রিটার্নিং অফিসার ও গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস লাইলাতুল হোসেন বলেন, ‘দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যালট বাক্সসহ সব নির্বাচনি সরঞ্জাম সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং ইতোমধ্যে সেগুলো নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘নির্বাচন নির্বিঘ্ন রাখতে প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
সময়ের আলো/কেএইচও