নির্বাচনকে ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারির অংশ হিসেবে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও সংশ্লিষ্ট অভিযোগে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর সূত্রাপুর এলাকায় নগদ অর্থ বিতরণের প্রস্তুতির অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই দিনের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হাবিবুর রহমান (৬৩) নামে পরিচিত। তার কাছ থেকে ৫০০ টাকা করে মোট ১২টি খাম- মোট ৬ হাজার টাকা উদ্ধার করা হয়, যা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন
এছাড়া ওয়ারী বিভাগে সন্তোষজনক কারণ ছাড়া সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে দুজনকে পৃথক মেয়াদে সাজা দেওয়া হয়। তাদের একজনকে এক মাস এবং অন্যজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন সংশ্লিষ্ট স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
অন্যদিকে মতিঝিল ডিভিশনে পরিচালিত আরেক অভিযানে মুগদা থানার একটি মামলায় দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। ডিএমপি অর্ডিন্যান্সের ৭৫ ধারায় জনগণের হাতে আটক হওয়া এবং পুলিশ সম্পর্কে নেতিবাচক মন্তব্যের অভিযোগে তাদের এই দণ্ড দেওয়া হয়েছে বলে জানানো হয়।
পুলিশ বলছে, নির্বাচনি পরিবেশ সুষ্ঠু ও নিয়ন্ত্রিত রাখতে রাজধানীজুড়ে টহল ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এএডি/