ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা-৮ আসনের গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম। পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তুলে তিনি রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) জিডিটি করা হয় বলে নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান।
জিডিতে মেঘনা আলম উল্লেখ করেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী ২২ জানুয়ারি থেকে তার প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন হুমকি ও ভয়ভীতির কারণে তিনি স্বাভাবিকভাবে মাঠে নামতে পারেননি। বিশেষ করে তার নারী সমর্থকদের লক্ষ্য করে স্ট্রিট হ্যারাজমেন্টের অভিযোগ তুলে তিনি বলেন, এতে তার নির্বাচনি কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।
তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর এবং ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। অতীতে এ আসন থেকে কোনো নারী প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হননি- এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা ও সামাজিক প্রতিবন্ধকতার কারণেই নারীরা সাধারণত এ আসনে প্রার্থী হতে অনীহা দেখান। এবারের নির্বাচনে তিনিই একমাত্র নারী প্রার্থী বলেও জানান তিনি।
আরও পড়ুন
মেঘনা আলমের অভিযোগ, সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী তার জন্য গানম্যানসহ ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার কথা ছিল। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট উপদেষ্টাকে অবহিত করেন এবং স্পেশাল ব্রাঞ্চকেও জানানো হয়। তবে আশ্বাসের পরও এখন পর্যন্ত কার্যকর কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, ভোটের দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গেলে তার নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তাকে নিরাপত্তা না দেওয়া দায়িত্বে অবহেলা এবং নারী প্রার্থীর প্রতি বৈষম্যমূলক আচরণ বলে মনে করছেন তিনি।
নির্বাচনের প্রাক্কালে একজন নারী প্রার্থীর এমন অভিযোগ নতুন করে নির্বাচনি পরিবেশে সমতা ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
এএডি/